টঙ্গীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৪ মামলার আসামি নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গীতে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ অস্ত্র ও মাদক কারবারে জড়িত জাহাঙ্গীর আলম ওরফে পিংকু (৪০) নামে এক মাদক কারবারি নিহত হয়েছে।

নিহত পিংকুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১।

সোমবার (২২ জুন) দিবাগত মধ্যরাতে টঙ্গীর টিএন্ডটি মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পিংকু চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার গোসাইরচর এলাকার আবু জাফরের ছেলে। তিনি ঢাকার বনানীর সততলাবস্তিতে বসবাস করতেন।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, র‌্যাবের টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে- টঙ্গীর টিএন্ডটি মাঠে কয়েকজন অস্ত্র ও মাদক কারবারি অবস্থান করছে। রাত দেড়টার দিকে ওই টহলদল ঘটনাস্থলের কাছাকাছি গেলে অস্ত্র ও মাদক কারবারিরা র‌্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে একজন গুলিবিদ্ধ হয় এবং অপর ৪/৫ জন পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে টঙ্গীর আহসান উল্যাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহত ব্যক্তি জাহাঙ্গীর আলম পিংকু বলে শনাক্ত হয়।

তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন, ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।