গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর জেলা পুলিশের কোন সদস্য কোন ধরনের ঘুষ, দুর্নীতি ও অনৈতিক কাজে জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কঠিন হুশিয়ারি দিয়েছেন গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার পিপিএম।
বুধবার (২৪ জুন) জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক (মে ২০২০) অপরাধ সভায় এ হুশিয়ারি দেন এসপি।
এছাড়াও অপরাধ সভায় উপস্থিত পুলিশ সদস্যদের ‘দুর্নীতি ও মাদক থেকে বিরত থাকতে প্রতিজ্ঞাবদ্ধ করান এসপি শামসুন্নাহার’।

অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় উপস্থিত থাকা সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মোঃ আল মামুন এ সকল তথ্য জানান।
সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মোঃ আল মামুন বলেন, অপরাধ সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার পিপিএম।
সহকারী পুলিশ সুপার বলেন, জেলার অপরাধ নিয়ন্ত্রণের জন্য সকল অফিসারদের কাজে গতি আনতে এবং অপরাধ ঘটার আগেই অপরাধীদের প্রতিহত করতে নির্দেশনা দেন এসপি।

সহকারী পুলিশ সুপার মোঃ আল মামুন আরো জানান, পুলিশিংকে জনগনের দ্বারগোড়ায় নিয়ে যাবার জন্য বিট পুলিশিং কার্যক্রম শুরু করার তাগিদ দেওয়া হয়। পুলিশকে জনগনের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করার বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার শামসুন্নাহার।
এছাড়াও সকল পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও পারিবারিক সকল সমস্যা প্রাতিষ্ঠানিকভাবে সমাধানের আশ্বাস দেন এসপি।

সভায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রাসেল শেখ পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এ কে এম জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) পঙ্কজ দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তোফাজ্জল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ডাঃ নন্দিতা মালাকার, সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মোঃ আল মামুন, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক), জেলার পাঁচটি থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা।