গাজীপুর কণ্ঠ ডেস্ক : সমন্বিত অভিযান পরিচালনা করে কালিয়াকৈরের বরাব এলাকায় নকল ‘ভিক্সল’ তৈরির একটি কারখানা সিলগালা করেছে জেলা প্রশাসন, এনএসআই ও র্যাব-১ এর সদস্যরা।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কালিয়াকৈরের বরাব এলাকায় অবৈধভাবে পরিচালিত ‘বসুন্ধরা ট্রেডিং’ এর পক্ষে এসএম কেমিক্যাল কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের উৎপাদিত টয়লেট ক্লিনার ‘ভিক্সল’ এর নাম ব্যবহার করে অবৈধভাবে তাদের কারখানায় এসিড ব্যবহার করে নিম্নমানের টয়লেট ক্লিনার তৈরি করে ভিক্সল নামে বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এমন অভিযোগে সমন্বিত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও র্যাব-১ এর সদস্যরা। এ সময় কারখানা থেকে অবৈধভাবে তৈরি বিপুল পরিমাণ নকল টয়লেট ক্লিনার (ভিক্সল) ও উৎপাদনের সরঞ্জাম জব্দ করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে অনুমোদনহীন কারখানাটি সিলগালা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী। এসিড ব্যবহার করে নকল ভিক্সল টয়লেট ক্লিনার প্রস্তুত করেন মর্মে পাওয়া যায়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, বরাব এলাকায় জনৈক সেকান্দার আলী বসুন্ধরা ট্রেডিং’র পক্ষে এসএম কেমিক্যাল কর্পোরেশন বসুন্ধরা গ্রুপের উৎপাদিত টয়লেট ক্লিনার ‘ভিক্সল’ এর নাম ব্যবহার করে অনুমোদনবিহীন একটি কারখানায় এসিড ব্যবহার করে নিম্নমানের নকল টয়লেট ক্লিনার ভিক্সল তৈরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সেখানে অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে সেকান্দার আলী পালিয়ে যান। পরে অবৈধভাবে তৈরি বিপুল পরিমাণ টয়লেট ক্লিনার (ভিক্সল) ও উৎপাদনের সরঞ্জামসহ অনুমোদনহীন কারখানাটি মোবাইল কোর্টের মাধ্যমে সিলগালা করা হয়েছে। এছাড়াও কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য কালিয়াকৈর থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে সহযোগিতা করেন গোয়েন্দা সংস্থা, র্যাব-১, পুলিশ ও আনসার সদস্যরা।
উল্লেখ্য: ২০১৮ সালে একই অপরাধে কারখানাটি বন্ধ করে দিয়েছিল জেলা প্রশাসন।