গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনা ভাইরাস মোকাবেলায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পক্ষ থেকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও জনসচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ সময় স্বাস্থ্য বিধি মেনে চলতে নগরবাসীর প্রতি তিনি আহবান জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবির।
রোববার (২১ মার্চ) সকালে মহানগরের চান্দনা চৌরাস্তায় এ কর্মসূচির উদ্বোধন করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

কর্মসূচির উদ্বোধন শেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবির বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঘর হতে বের হলেই মাস্ক পড়তে হবে। সাবান দিয়ে ঘনঘন হাত ধুতে হবে। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। জনসমাগম বা ঝুঁকিপূর্ণ জায়গায় গেলে সেখান থেকে বাসায় ফিরে কাপড় খুলে গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ বরকত উল্লাহ খান, উপ-কমিশনার (অপরাধ উত্তর) জাকির হাসান, উপ-কমিশনার (সদর দপ্তর) তানভীর মমতাজ, উপ-কমিশনার (সিটি এসবি) হুমায়ূন কবীর, উপ-কমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুৎমিশ, উপ-কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন, উপ-কমিশনার (লজিস্ট্রেক) ফারজানা ইসলাম, বাসন থানার ওসি কামরুল ফারুক উপস্থিত ছিলেন।