গাজীপুরে মেধা, দক্ষতা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ৯৪ জন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ‘চাকরি নয়, সেবা’ এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুরে কোন প্রকার তদবির ও দুর্নীতি ছাড়াই মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে (ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে) চাকরি পেয়েছেন ৯৪ জন। চাকরি পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

বুধবার (৩০ মার্চ) দুপুরে গাজীপুর পুলিশ লাইন্স মাঠে চূড়ান্তভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে গাজীপুরের ২ হাজার ৪৪২ জন চাকুরী প্রত্যাশী আবেদন করে। এরপর গত ১২মার্চ থেকে ১৪মার্চ পর্যন্ত গাজীপুর জেলা পুলিশ লাইন্স মাঠে ৭টি ইভেন্টেের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয় এবং ৬৫৯ জন প্রার্থী শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরে উত্তীর্ণ প্রার্থীরা গত ২০মার্চ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। এরপর ২৯মার্চ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় ২৪৬ জন প্রার্থী উত্তীর্ণ হয় (পুরুষ-২২৬ জন ও নারী ২০ জন) ও মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হয়। বুধবার (৩০ মার্চ) মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৯৪ জন প্রার্থী প্রাথমিকভাবে নিয়োগের জন্য চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়। এর মধ্যে পুরুষ ৮০ জন ও নারী ১৪ জন।

আরো জানা যায়, চাকরি প্রার্থীরা মাত্র ১৫০ টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে কোন রকম তদবির ও দুর্নীতি ছাড়াই মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ বাহিনীতে চাকরির জন্য নির্বাচিত হয়েছে। চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের পরিবার পরিজনদের পেশা ও আয়ের উৎস পর্যালোচনায় দেখা যায় যে, চা বিক্রেতা, মুদি ব্যবসায়ী, দরিদ্র কৃষক, এতিম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, মুচী প্রভৃতির অন্তর্ভুক্ত অর্থাৎ অধিকাংশই সমাজের সুবিধাবঞ্চিত শ্রেণী। প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ জঙ্গী, সন্ত্রাস, মাদক, নারী নির্যাতন সহ সকল প্রকার অপরাধ নির্মূলে বাংলাদেশ সরকারকে সার্বিক সহযোগিতার মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করবে।

জানা যায়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ কমিটির সভাপতিত্ব করেন গাজীপুর জেলার পুলিশ সুপার এস. এম শফিউল্লাহ্ বিপিএম। নিয়োগ কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো: জাহেদ পারভেজ চৌধুরী, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মীর মনির হোসেন।

 

আরো জানতে………….

গাজীপুরে সরকারি কোষাগারে ১’শ টাকা জমা দিয়ে পুলিশে চাকরি পেলেন ৭১ জন