রূপগঞ্জে মাইক্রোবাস ছিনিয়ে নিতে চালককে হত্যা!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : রূপগঞ্জ উপজেলার কুশাবো এলাকায় মাইক্রোবাসের ভেতর থেকে সাইদুল ইসলাম সাদু (৩২) নামে এক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ মে) দিবাগত মধ্যে রাতে এশিয়ান হাইওয়ে সড়কের (কাঞ্চন-ভুলতা) কুশাবো এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত সাইদুল ইসলাম সাদু কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে সাইদুল ইসলাম কালীগঞ্জ থেকে মাইক্রোবাসে (হাইস গাড়ি) যাত্রী নিয়ে ভাড়ায় কুমিল্লা যায়। পরে সেখানে যাত্রীদের নামিয়ে দিয়ে রাতে ফেরার পথে রোববার দিবাগত মধ্যে রাতে কাঞ্চন-ভুলতা সড়কে কাঞ্চন পৌরসভার কুশাবো এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে। ছিনতাইকারীরা মাইক্রোবাস ছিনিয়ে নিতে না পেরে গাড়ির ভেতরেই সাইদুল ইসলাম সাদুকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম সায়েদ বলেন, রোববার দিবাগত রাত দেড়টার দিকে ওই চালকের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।