টঙ্গীর ‘পাইকারি মাদকের হাটে’ অভিযানে গিয়ে হামলার শিকার ডিবি পুলিশ, আহত ৭

টঙ্গীর ‘পাইকারি মাদকের হাটে’ অভিযানে গিয়ে হামলার শিকার ডিবি পুলিশ, আহত ৭

নিজস্ব সংবাদদাতা : টঙ্গীর অন্যতম ‘পাইকারি মাদকের হাট’ খ্যাত মাজার বস্তিতে অভিযানকালে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপর মাদক কারবারিদের হামলা হয়েছে। এতে ডিবি পুলিশের পরিদর্শকসহ ৭ সদস্য আহত হয়েছেন। তাদেরকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনার সময় মাদক কারবারিদের পক্ষ নিয়ে ডিবি পুলিশের সাথে র‌্যাবের দুই সদস্যের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

গত মঙ্গলবার (০১ নভেম্বর) রাত ১০টায় মাজার বস্তির শ্রম অধিদপ্তরের পেছনের রাস্তায় এসব ঘটনা ঘটে। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়েছে এবং ৯ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মাদক কারবারিদের হামলায় আহতরা হলেন, জিএমপি গোয়েন্দা বিভাগের পরিদর্শক ফরিদ হোসেন, এসআই পরিমল, এসআই বিল্লাল, এসআই ইব্রাহিম, কনস্টেবল সোহাগ মিয়া, রমজান মিয়া ও আফরোজা আক্তার।

স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে ডিবি পুলিশের স্টিকার লাগানো একটি গাড়ি মাজার বস্তিতে প্রবেশ করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে বস্তির মাদক কারবারিদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় মাদক কারবারিরা সংঘবদ্ধ হয়ে ডিবি পুলিশকে ধাওয়া দিয়ে বস্তি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এতে ডিবি পুলিশের সাথে মাদক কারবারিদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ডিবি পুলিশের ৭ সদস্য আহত হন। একপর্যায়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা মোমেন মিয়ার নেতৃত্বে মাদক কারবারিরা ডিবি পুলিশের সদস্যদের মাজার বস্তির কল্যাণ সমিতির অফিসে নিয়ে আটক করে। সেখানে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, এরই মধ্যে বস্তির আবু সাঈদ নামে র‌্যাবের একজন সোর্স র‌্যাবকে খবর দেয়। তৎক্ষনাত মেহেদী হাসনাত ও আসাদুজ্জামান নামে র‌্যাবের দুই সদস্য ঘটনাস্থলে এসে ডিবি পুলিশের সাথে প্রথমে হাতাহাতি ও পরে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ডিবি’র পরিদর্শক ফরিদ হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে কেরানিরটেক বস্তি থেকে এক মাদক কারবারিকে ১৫ পুরিয়া হেরোইনসহ আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে মাজার বস্তিতে অভিযান চালিয়ে একজন মহিলা মাদক কারবারিকে আটক করা হলে মোমেন মিয়া নামের স্থানীয় এক নেতা দলবল নিয়ে ডিবি পুলিশের উপর হামলা চালায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, এ ঘটনায় মাদক কারবারিদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে এবং ৯ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। আহত ডিবি পুলিশের সদস্যরা টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে ডিবি পুলিশের সাথে র‌্যাবের অপ্রীতিকর ঘটনা সম্পর্কে তিনি অবগত নন বলে দাবী করেন।

এ ব্যাপারে জিএমপি দক্ষিণ বিভাগের গোয়েন্দা শাখার উপকমিশনার (ডিসি) মো. ইব্রাহিম খান বলেন, জিএমপি কমিশনার স্যার মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। ফলে মাদক নির্মূলে আমাদের চলমান অভিযানের অংশ হিসেবে গত মঙ্গলবার রাতে টঙ্গীর একটি বস্তিতে অভিযান চালানো হয়। এসময় মাদক কারবারিদের হামলায় আমাদের কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে ডিবি পুলিশের সাথে র‌্যাবের কোনো সদস্যের হাতাহাতি বা ধস্তাধস্তির ঘটনা ঘটেনি বলে তিনি দাবী করেন।