গাজীপুর কণ্ঠ ডেস্ক : আপত্তিকর ভিডিও ভাইরালের পর অবশেষে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি পদ থেকে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (০৬ নভেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের জরুরি সভায় তাঁকে অব্যাহতি দেওয়া হয়।
তবে এর আগে অসুস্থতাজনিত কারণ দেখিয়ে দলীয় কার্যক্রম থেকে অনির্দিষ্টকালের ছুটি চেয়েছিলেন মুহম্মদ শহীদুল্লাহ।
কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান সংবাদ মাধ্যমকে বলেন, অসুস্থতাজনিত কারণ দেখিয়ে দলীয় কার্যক্রম থেকে অনির্দিষ্টকালের ছুটি চেয়েছিলেন মুহম্মদ শহীদুল্লাহ। তবে রোববার বিকেলে জরুরি এক সভায় সর্বসম্মতভাবে তাঁকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সহসভাপতি অ্যাডভোকেট মাজাহারুল ইসলাম সেলিমকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহর ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তাঁর নৈতিক স্খলনসম্পর্কিত ভিডিওটি ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অতীত কর্মকাণ্ডের বিষয় তুলে ধরে শাস্তির দাবি করেন। শনিবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি দলীয় এক কর্মসূচিতে অংশ নিলে নেতাকর্মীর পক্ষ থেকে বিষয়টি তাঁকে জানানো হয়। তিনি সেদিনই মুহম্মদ শহীদুল্লাহকে দলীয় পদ থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন।
উল্লেখ্য: ৯ বছর ধরে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন মুহম্মদ শহীদুল্লাহ। তিনি ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) থেকে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। পরে আওয়ামী লীগে যোগ দেন তিনি।