আট মাসে ৪৬ কেজি ওজন কমিয়ে পুরস্কৃত ‘পেটমোটা পুলিশ’

আট মাসে ৪৬ কেজি ওজন কমিয়ে পুরস্কৃত ‘পেটমোটা পুলিশ’

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : আট মাসে ৪৬ কেজি ওজন কমিয়ে পুরস্কৃত হয়েছেন ভারতের দিল্লি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা জিতেন্দ্র মনি।

এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

দিল্লি পুলিশের ওই সিনিয়র কর্মকর্তার নাম জিতেন্দ্র মনি। তিনি দিল্লি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার।

প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস আগেও তার ওজন ছিল ১৩০ কেজি। ওজন বেশি হওয়ার বেশ কিছু স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন তিনি। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টোরেলের মাত্রা বেড়ে যাওয়াসহ বিভিন্ন সমস্যার কারণে ঝুঁকিতে ছিলেন জিতেন্দ্র। এরপরই নিজের জীবন বদলে ফেলার সিদ্ধান্ত নেন তিনি। প্রতিদিন ১৫ হাজার পদক্ষেপ হাঁটা শুরু করেন তিনি। খাওয়া শুরু করেন স্বাস্থ্যসম্মত খাবারও।

জিতেন্দ্র বলেন, আমি উচ্চমাত্রা কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার যেমন রুটি ও ভাতের পরিবর্তে স্যুপ, সালাদ ও ফলের মতো পুষ্টিকর খাবার খাওয়া শুরু করি।

ওজন কমানোর জন্য জিতেন্দ্র কঠোর ডায়েট অনুসরণ করেছিলেন। এতে মাত্র ৪ মাসে তার কোমরের ব্যাস ১২ ইঞ্চি কমে। তিনি তার কোলেস্টেরলের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হয়েছিলেন।

জিতেন্দ্র জানান, তিনি তার জীবনধারা পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। তিনি প্রতি মাসে চার দশমিক পাঁচ লাখ কদম হাঁটার লক্ষ্য ঠিক করেন। গত 8 মাসে তিনি ৩২ লাখের বেশি কদম হেঁটেছেন।

দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা ওজন কমানোর জন্য জিতেন্দ্রের ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা করেছেন। ওজন কমানোর সফলতার পর হাজার হাজার পুলিশের উপস্থিতিতে এক অনুষ্ঠানে পুলিশ কমিশনার জিতেন্দ্রকে পুরস্কৃত করেন।

জিতেন্দ্রকে প্রশংসাপত্র দিয়েছে পুলিশ বিভাগ। জিতেন্দ্র ওজন কমানোর সাফল্যের জন্য তার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদেরও কৃতিত্ব দিয়েছেন। কারণ, তারা তাকে ওজন কমাতে অনুপ্রাণিত করেছিল। সার্বক্ষণিক সাহায্য ও সহযোগিতা করেছেন তারা।