মাত্র ৪২ ঘণ্টায় হত্যা মামলার তদন্ত শেষ, তদন্ত কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট

মাত্র ৪২ ঘণ্টায় হত্যা মামলার তদন্ত শেষ, তদন্ত কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মাত্র ৪২ ঘণ্টার মধ্যে একটি হত্যা মামলা তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করায় তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৩ এপ্রিল সকাল সাড়ে ১০টায় মামলার তদন্তকারী কর্মকর্তা মানিকগঞ্জ সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মাকসুদুর রহমানকে মামলার কেস ডকেটসহ হাজির হতে বলা হয়েছে।

একইসঙ্গে এই তদন্ত কাজকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। চার সপ্তাহের মধ্যে সরকার, মানিগঞ্জ জেলা পুলিশ সুপার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সদর থানার অফিসার ইনচার্জ ও তদন্তকারী কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) এ সংক্রান্ত এক রিভিশন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

‘লাশ উদ্ধার থেকে অভিযোগপত্র, ৪২ ঘণ্টার অবিশ্বাস্য তদন্ত’ শিরোনামে প্রথম আলো পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টে রিভিশন করে দায়ের করেন মামলার বাদী। আদালতের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘মরদেহ রাত দেড়টায় উদ্ধারের পর সুরতহাল করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে হাসপাতালে। এরপর মামলা, আসামি গ্রেফতার, ঘটনাস্থল পরিদর্শন, মানচিত্র তৈরি, সাক্ষ্য গ্রহণসহ একে একে অন্তত নয়টি ধাপ পেরিয়ে হত্যা মামলার তদন্ত শেষ মাত্র ২২ ঘণ্টায়। পরবর্তী ২০ ঘণ্টার মধ্যে আসামিকে আদালতে হাজির, স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়সহ তদন্তের সব প্রক্রিয়া শেষ করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। অর্থাৎ, মরদেহ উদ্ধার থেকে আদালতে অভিযোগপত্র জমা দিতে পুলিশের সময় লেগেছে মাত্র ৪২ ঘণ্টা।’

মামলাটির তদন্ত শেষ হয়েছে রকেটের চেয়েও দ্রুতগতিতে বলে প্রতিবেদনে বলা হয়েছে।