টাইটানের ধ্বংসাবশেষে ‘মানব শরীরের’ অংশ

টাইটানের ধ্বংসাবশেষে ‘মানব শরীরের’ অংশ

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : নিখোঁজ হওয়ার ১০দিন পর সমুদ্রতল থেকে উপরে নিয়ে আসা হলো ডুবোযান টাইটানের ধ্বংসাবশেষ। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসাবশেষের মধ্যে ডুবোযানের ল্যান্ডিং ফ্রেম এবং পেছনের অংশ আছে। ধ্বংসাবশেষের মধ্যে মানুষের শরীরের অংশও আছে বলে মনে করা হচ্ছে। এখন মার্কিন চিকিৎসকরা চূড়ান্ত পরীক্ষা করে এ বিষয়ে তাদের মতামত জানাবেন। তখন বোঝা যাবে, সত্যিই মানুষের শরীরের অংশ সেখানে আছে কি-না।

মার্কিন কোস্ট গার্ডের মেরিন বোর্ড অব ইনভেস্টিগেশন এখন প্রাথমিকভাবে তদন্ত করছে। তারা যাবতীয় তথ্য বন্দর কর্তৃপক্ষের হাতে তুলে দেবে। তারপর পরবর্তী তদন্ত ও পরীক্ষার কাজ শুরু হবে।

বোর্ডের চেয়ারম্যান একটি বিবৃতি দিয়ে বলেছেন, “কেন টাইটান এই দুর্ঘটনায় পড়লো এবং ভবিষ্যতে কীভাবে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায়, তা ঠিক করতে এখনো অনেক কাজ করতে হবে। টাইটানের ধ্বংসাবশেষ তুলে আনার ক্ষেত্রে অনেকগুলো দেশ ও মার্কিন সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ফলেই টাইটানের এই ধ্বংসাবশেষ উদ্ধার করা সম্ভব হয়েছে।”

টাইটানের ধ্বংসাবশেষ কানাডার সেন্ট জনস বন্দরে নিয়ে আসা হয়েছে। টাইটানিকের ধ্বংসস্তূপের ১,৬০০ মিটার দূরে সমুদ্রের ১২,৫০০ ফুট নিচে এটি পড়ে ছিল। প্রথমে রোবটচালিত যান এই ধ্বংসাবশেষের খোঁজ দেয়। তারপর উদ্ধারকারী দল তা উদ্ধার করে।