গ্রামীণ সংযোগ সড়ক প্রকল্পে আরও ১৯ কোটি ডলার দিচ্ছে এডিবি

গ্রামীণ সংযোগ সড়ক প্রকল্পে আরও ১৯ কোটি ডলার দিচ্ছে এডিবি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : চলমান ‘গ্রামীণ সংযোগ সড়ক উন্নয়ন’ প্রকল্পের জন্য আরও ১৯ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি।

বর্তমান মুদ্রা বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রার এর পরিমাণ প্রায় ২ হাজার ৭০ কোটি টাকা।

মঙ্গলবার (১১ জুলাই)  ম্যানিলায় এডিবি সদর দপ্তরে বোর্ড সভায় এই অতিরিক্ত ঋণ অনুমোদন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এডিবি।

প্রায় ১ হাজার ৭০০ কিলোমিটার গ্রামীণ সড়কের উন্নয়নের লক্ষ্যে ২০১৮ সালের নভেম্বরে একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেয় সরকার। সে সময় ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ৩৬৮ কোটি ৭ লাখ ৩০ হাজার টাকা।

এ প্রকল্পে অর্থায়নের জন্য ২০১৯ সালের ১৩ জানুয়ারি এডিবির সঙ্গে ২০ কোটি ডলারের ঋণ চুক্তি করে সরকার। কিন্তু ২০২০ সালে সরকার প্রকল্পটির আওতায় আরও ১ হাজার ৩৫০ কিলোমিটার গ্রামীণ রাস্তার উন্নয়নের লক্ষ্য ঠিক করে।

এডিবির এই অতিরিক্ত অর্থায়ন নতুন যুক্ত করা সড়ক উন্নয়নে ব্যয় করা হবে।

এ বিষয়ে এডিবির প্রধান পল্লী উন্নয়ন বিশেষজ্ঞ মাসাহিরো নিশিমুরা সংবাদ মাধ্যমকে বলেন, “চলমান প্রকল্পটির অতিরিক্ত এই ঋণ এডিবির দ্বিতীয় অতিরিক্ত অর্থায়ন, যা গ্রামীণ সড়ক নেটওয়ার্কের উন্নতির আরও সম্প্রসারণ করছে এবং বাংলাদেশের গ্রামীণ এলাকায় জীবনযাত্রার মান উন্নত করছে।

“এছাড়া বাংলাদেশের গ্রামীণ এলাকার জীবনযাত্রার মানোন্নয়নে জলবায়ু ও দুর্যোগ মোকাবিলা এবং সড়ক ব্যবস্থাপনায় উদ্ভাবনী কার্যক্রম প্রকল্পে যুক্ত হবে। এ প্রকল্পটি গ্রামীণ অঞ্চলের পরিবহন দক্ষতা ও কৃষি উত্পাদনশীলতা বাড়াতে এবং দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করতে কর্মসংস্থান সৃষ্টি করছে।”