গাজীপুর কণ্ঠ ডেস্ক : নরসিংদীর পলাশে যাত্রীবাহী বাস এনা পরিবহনের সঙ্গে মালবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। আহতদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালক কিশোরগঞ্জ জেলার মো. ইদ্রিস আলী (৫৮)। তিনি এনা পরিবহনের চালক। কাভার্ডভ্যানের নিহত চালক এবং আহতদের পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস আজ ভোরে পলাশের ঘোড়াশাল পাঁচদোনা সড়কের ভাগদী কদমতলা নামক স্থানে পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা এক কার্ভাডভ্যানের সঙ্গে এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এনা পরিবহনের চালক মো. ইদ্রিস আলী ও কাভার্ডভ্যানের চালক নিহত হন। গুরুতর আহত হন আরও ৬ জন। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনার পর ভোর থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকতিয়ার উদ্দিন ও ওসি তদন্ত মো. জসিম উদ্দিনসহ পুলিশের অন্য সদস্যরা। পরে দুর্ঘটনা কবলিত এনা পরিবহন ও কাভার্ডভ্যান সড়ক থেকে সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
পলাশ থানার পরিদর্শক (তদন্ত) মো. জসিম উদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, এই দুর্ঘটনায় এনা পরিবহনের চালক ও কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।