গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের বাইপাস এলাকায় বাসের চাপায় স্বামী–স্ত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর বাস ফেলে চালক পলিয়েছে।
রোববার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– কালিয়াকৈর উপজেলার বড়ইতলী গ্রামের মোজাম্মেল হকের ছেলে আসিফ ও তাঁর স্ত্রী তানজিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় মহাসড়ক পারাপারের সময় টাঙ্গাইলগামী ‘মাহী স্পেশাল পরিবহন’ নামে একটি দ্রুতগামী বাস আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রী তানজিমকে চাপা দেয়। এতে তাঁরা দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথেই তাঁদের মৃত্যু হয়। পরে ওই দম্পতির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, স্বামী–স্ত্রী নিহতের ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।