যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে শিশুসহ আহত ১০

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে শিশুসহ আহত ১০

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরের কাছে নগর কর্তৃপক্ষ পরিচালিত একটি ওয়াটার পার্কে এক বন্দুকধারীর গুলিতে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এলোপাতাড়ি গুলিবর্ষণের এই ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

সন্দেহভাজনকে এদিন রাত পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি, কিন্তু পুলিশ বলছে সে কাছেই একটি বাড়িতে কোণঠাসা হয়ে আছে বলে বিশ্বাস তাদের। ঘটনাস্থলে সন্দেহভাজনের ব্যবহৃত পিস্তলটি পাওয়া গেছে বলে জানিয়েছে তারা।

এক সংবাদ সম্মেলনে অকল্যান্ড কাউন্টি শেরিফ মাইকেল বুশার্ড জানান, শনিবার বিকাল প্রায় ৫টার দিকে মিশিগানের রচেস্টার হিলসের ব্রুকল্যান্ডস প্লাজা স্প্ল্যাশ প্যাড পার্কের সামনে একটি গাড়ি থেকে এক ব্যক্তি নামে, তারপর সে একটি আধাস্বয়ংক্রিয় ৯এমএম গ্লক পিস্তল দিয়ে প্রায় ৩০টি গুলি ছোড়ে; এ সময় সে বেশ কয়েকবার গুলি ভরে নেয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেছে কি না তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

রচেস্টার হিলস ডেট্রয়েট থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে। রচেস্টার হিলসের পাশের এলাকা অক্সফোর্ড টাউনশিপের একটি স্কুলে ২০২১ সালে নির্বিচার গুলিবর্ষণের এক ঘটনা ঘটেছিল। তখন ১৫ বছর বয়সী শিক্ষার্থী ইথান ক্রাম্বলি গুলি করে অক্সফোর্ড হাইস্কুলের চার শিক্ষার্থীকে হত্যা এবং এক শিক্ষক ও আরও ছয় শিক্ষার্থীকে আহত করেছিল।