গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাকিল আহমেদ (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি প্রাইভেট একটি বীমা কোম্পানিতে চাকরি করতেন।
বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় জয়দেবপুর-ইটাখোলা সড়কে কালীগঞ্জের দুবুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত সাকিল আহমেদ কাপাসিয়া উপজেলার একডালা এলাকার আবির মিয়ার ছেলে। তিনি ঢাকায় ভাড়া বাসায় বসবাস করে মেটলাইফ ইন্সুরেন্স নামক একটি বীমা কোম্পানিতে চাকরি করতেন।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বাড়ি ফেরার উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয় সাকিল আহমেদ। সন্ধ্যায় গাজীপুর পৌঁছে জয়দেবপুর থেকে সিএনজি চালিত অটোরিকশা চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথে সন্ধ্যা সোয়া ৭টার দিকে জয়দেবপুর-ইটাখোলা সড়ক দিয়ে কালীগঞ্জের দুবুরিয়া এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা মহিষ বোঝাই একটি ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাকিলের মৃত্যু হয়েছে।
সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জামিনুর রহমান বলেন, দুর্ঘটনায় পর ঘটনাস্থল থেকে নিহত সাকিল আহমেদের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশায় থাকা অন্য যাত্রীদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।