গাজীপুর কণ্ঠ ডেস্ক : ভারতের ভ্রমণ ভিসা প্রক্রিয়া এখনই স্বাভাবিক হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। কবে নাগাদ চালু হতে পারে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি তিনি।
রোববার (২০ অক্টোবর) বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
প্রণয় ভার্মা জানান, লোকবল এখনো কম থাকায় বাংলাদেশিদের জন্য এখনই স্বাভাবিক হচ্ছে না ভারতের ভ্রমণ ভিসা। তবে চিকিৎসা ও শিক্ষাকাজে জরুরি ভিসা সীমিতভাবে চালু আছে।
পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বলেন, পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক জোরদার ও স্বাভাবিক করতে কাজ করছে দুদেশ।
বৈঠকে ঢাকা-দিল্লি ফরেন অফিস কনসালটেশন নিয়ে ভারত দ্রুত করতে চায় বলে জানায়।
তবে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে আলোচনার কথা অস্বীকার করেছেন প্রণয় ভার্মা।
আড়াই মাস ধরে বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ ভিসা দেওয়া বন্ধ রেখেছে ভারত। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে বাংলাদেশে দেশটির ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।