গাজীপুর কণ্ঠ ডেস্ক : অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার খোন্দকার রফিকুল ইসলামকে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে এই পদে বেছে নেওয়ার পাশাপাশি আরও পাঁচ ডিআইজিকে অতিরিক্ত আইজির পদে চলতি দায়িত্ব দিয়েছে।
বৃহস্পতিবার একই আদেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে একই ইউনিটের ডিআইজি মোস্তফা কামালকে। তাকে চলতি দায়িত্বে অতিরিক্ত আইজি করা হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশে ব্যাপক পরিবর্তন ও দায়িত্ব বণ্টন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় নতুন এ রদবদলের আদেশ এল।
এতে পুলিশ সদর দপ্তরের তিন ডিআইজি আকরাম হোসেন, আবু নাছের মোহাম্মদ খালেদ ও মোসলেহ উদ্দীন আহমদকে চলতি দায়িত্বে অতিরিক্ত আইজি করা হয়েছে।
অপরদিকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি ছিবাগত উল্লাহকে একই ইউনিটের অতিরিক্ত আইজি করা হয়েছে।
এ আদেশে এসবির নতুন প্রধানের দায়িত্বে আসা রফিকুল চলতি মাসের শুরুতে অবসরে যাওয়া শাহ আলমের স্থলাভিষিক্ত হবেন।
সরকার পতনের পর এসবির সাবেক প্রধান আলোচিত পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম আত্মগোপনে যান। এরপর এ ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় ডিআইজি শাহ আলমকে। গত ২ অক্টোবর অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি দিয়ে ওইদিনই তাকে অবসরে পাঠানো হয়।
উল্লেখ্য : খোন্দকার রফিকুল ইসলাম বর্তমানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনারের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। গত ১৮ আগস্ট তিনি ডিআইজি পদে পদোন্নতি পান।
গত ৩ সেপ্টেম্বর তিনি জিএমপি কমিশনার হিসেবে যোগ দেন। ৫১ দিনের মাথায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তাকে এসবি প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হলো।
বিসিএস পুলিশ ক্যাডারের ১৫ ব্যাচের কর্মকর্তা রফিকুল ইসলাম ১৯৯৫ সালে পুলিশ বাহিনীতে কর্মজীবন শুরু করেন।
রাজবাড়ীর কালুখালীর তফাদিয়া গ্রামের কৃতী সন্তান খোন্দকার রফিকুল ইসলাম এর আগে র্যাব-৬ এর পরিচালক ও খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।
আরো জানতে…….