নিজস্ব প্রতিনিধি : গাজীপুর জেলা ও দায়রা জজ মমতাজ বেগমকে নারায়ণগঞ্জ শ্রম আদালতের বিচারক হিসেবে বদলি করে তাঁর স্থলে গাজীপুরের নতুন জেলা ও জজ হিসেবে নিয়োগ পেয়েছেন শামীমা আফরোজ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের (বিচার শাখা-৩) উপসচিব (প্রশাসন-১) এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে গাজীপুর জেলা ও দায়রা জজ মমতাজ বেগমকে নারায়ণগঞ্জ শ্রম আদালতের বিচারক হিসেবে বদলি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে কর্মরত (জেলা ও দায়রা জজ) শামীমা আফরোজকে গাজীপুরের জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

উল্লেখ্য : গাজীপুরের জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ পাওয়া শামীমা আফরোজ পেশায় জেলা জজ। বাবা মরহুম আব্দুল খালেক, মা মনসুরা বেগম। ১৯৭২ সালের ২৫ মে নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। বাবার কর্মসূত্রে ৪ বছর তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থাকার সুবাদে প্রাথমিক শিক্ষাজীবন কেটেছে মস্কো এম্বাসি স্কুলে। পরবর্তীতে বাংলাদেশে এসে কুর্মিটোলার শাহীন কলেজে ভর্তি হন। সেখান থেকে ১৯৮৭ সালে এসএসসি পাস করেন। শাহীন কলেজ, ঢাকা থেকে ১৯৮৯ সালে এইচএসসি পাস করেন। ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। ১৯৯৪ সালে এলএলবি (সম্মান) এবং ১৯৯৫ সালে এলএলএম পাস করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষ হওয়ার পর ১৯৯৬ সালে বাংলাদেশ বার কাউন্সিলের রিসার্চ অফিসার হিসেবে কাজ করেন ব্যারিস্টার এম আমীরুল ইসলামের সাথে। সেখানে কাজ করার সময় ১৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৮ সালের ২৪ জুন যোগদান করেন। চাকরি জীবনে তিনি গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়ীয়ায় কাজ করেছেন। বর্তমানে তিনি গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক (জেলা জজ) হিসেবে কর্মরত আছেন।