বাংলাদেশের জনগণ ও ড. ইউনূসকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মোদির চিঠি

বাংলাদেশের জনগণ ও ড. ইউনূসকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মোদির চিঠি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি চিঠিতে বাংলাদেশের জনগণকেও ঈদের শুভেচ্ছা জানান।

সোমবার (৩১ মার্চ) রাতে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান।

শুভেচ্ছাবার্তায় নরেন্দ্র মোদি বলেন, পবিত্র রমজান মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের আনন্দময় উৎসব উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

তিনি বলেন, পবিত্র এই মাসে ভারতের ২০ কোটি মুসলিম ধর্মাবলম্বী বিশ্বের অন্যান্য দেশের মুসলমান ভাই-বোনদের সঙ্গে রোজা ও ইবাদতে সময় ব্যয় করেছেন।

চিঠিতে মোদি আরও বলেন, ঈদুল ফিতরের আনন্দময় উপলক্ষ উদযাপন, প্রতিফলন, কৃতজ্ঞতা এবং ঐক্যের সময়। এটি আমাদের সহানুভূতি, উদারতা এবং সংহতির মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়, যা আমাদের জাতিগুলোকে এবং বিশ্ব সম্প্রদায়ের সদস্য হিসেবে আমাদের পরস্পরকে সংযুক্ত করে। এই শুভ উপলক্ষে, আমরা বিশ্বজুড়ে মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখ কামনা করি। আমাদের দেশগুলোর মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হোক।