চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষ: ১০ জনের মৃত্যু

চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষ: ১০ জনের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচ জন পুরুষ, তিন জন নারী ও দুইটি শিশু।

বুধবার (২ এপ্রিল) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার চট্টগাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়ায় ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় ৭ জন।

পরে আহতদের মধ্যে দুই চট্টগ্রাম মেডিকেলে দুই জন ও লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা সংবাদ মাধ্যমকে বলেন, “কক্সবাজারগামী রিলাক্স পরিবহনের বাসের সঙ্গে চট্টগ্রাম শহরমুখী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়।”

দুর্ঘটনার পর আহত চার জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠানোর পর সেখানে ১০-১২ বছরের একটি শিশু ও ৩০-৩৫ বছরের এক পুরুষের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন জরুরি বিভাগের চিকিৎসক সুস্মিতা সাহা।

আহত আরেকটি শিশু ও এক তরুণীকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি ।

এছাড়া পদুয়ায় অবস্থিত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরেকজন পুরুষের মৃত্যু হয় বলে জানিয়েছেন লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান।

হতাহতদের নাম-পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

তিন দিনের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের একই স্থানে এটি দ্বিতীয় বড় ধরনের দুর্ঘটনা।

সবশেষ ঈদের দিন সকালে জাঙ্গালিয়ায় দুই বাসের সংঘর্ষে মারা যায় পাঁচ জন।