বিশেষ প্রতিনিধি : গাজীপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অভিযানে ১৮০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একইসঙ্গে অনুমোদনহীনভাবে বাসাবাড়িতে গ্যাস ব্যবহার করায় দুইজনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২১ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত গাজীপুর শহরের উত্তর বিলাশপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিস এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে অংশ নেন একটি ভ্রাম্যমাণ আদালতও।
তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের উপ-ব্যবস্থাপক (প্রকৌশলী) শেখ জাবের নূরানী জানান, দুপুর থেকে উত্তর বিলাশপুর এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনুমোদনহীনভাবে গ্যাস ব্যবহার করায় ১৮০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একইসঙ্গে অবৈধ সংযোগে ব্যবহৃত প্রায় ৩০০ ফুট পাইপলাইন অপসারণ করা হয়।
পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শহীদ উল্লাহ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় দুইজনকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী শেখ জাবের নূরানী, সহকারী প্রকৌশলী রাকিব হাসান ও হাসান আল ফয়সাল, সহকারী ব্যবস্থাপক আল আমিন এবং সহকারী কর্মকর্তা সোহেল রানা প্রমুখ।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গৃহস্থালী ও শিল্প খাতে অনুমোদনহীন গ্যাস সংযোগ বন্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।