গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভারত পাকিস্তানে‘অপারেশন সিন্দুর’ নামে যে বিশেষ অভিযান চালিয়েছে তাতে ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে অংশ নিয়েছে। ভারত এই অভিযানে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৯টি জঙ্গি প্রশিক্ষণ শিবির ধ্বংস করেছে বলে দাবি করেছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নিরাপত্তা সূত্র বরাত দিয়ে জানিয়েছে, এই অভিযানে ব্যবহৃত হয়েছে নির্ভুল-লক্ষ্যভেদী অস্ত্র ও লোইটারিং মিউনিশন, যা গোয়েন্দা সংস্থাগুলির দেওয়া সুনির্দিষ্ট স্থানাঙ্ক অনুযায়ী ভারতীয় ভূখণ্ড থেকেই পরিচালিত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে, ভারতীয়বাহিনী এই হামলার জন্য বেছে নিয়েছিল লস্কর-ই-তৈয়্য়বা ও জয়শ-ই-মোহাম্মদের শীর্ষ নেতাদের আশ্রয়স্থলকে।
এদিকে ভারতীয় বাহিনী যে লোইটারিং মিউনিশন দিয়ে হামলার দাবি করেছে, সেটি হলো এমন একধরনের অস্ত্র, যা নির্দিষ্ট এলাকায় ঘুরে বেড়িয়ে লক্ষ্য শনাক্ত করে হামলা চালায় এবং এরপর তা নিজে ধ্বংস হয়ে যায়। এটি মূলত এক বিশেষ ধরনের আত্মঘাতী ড্রোন। উদাহরণ হিসেবে কামিকাজে ড্রোনের কথা বলা যেতে পারে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ‘অপারেশন সিন্দুর’-এর আওতায় এই হামলা চালানো হয়েছে এবং পাকিস্তান বা তার সামরিক স্থাপনাগুলিকে নয়, বরং শুধু সন্ত্রাসী ঘাঁটিগুলোকেই লক্ষ্য করা হয়েছে। মন্ত্রণালয় বলেছে, এই পদক্ষেপ ছিল পরিকল্পিত, সংযত এবং উত্তেজনা না বাড়ানোর উদ্দেশ্যে নেওয়া।