গাজীপুরে ‘জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ’র শিক্ষার্থীদের দিনভর বিক্ষোভ ও মানববন্ধন

গাজীপুরে ‘জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ’র শিক্ষার্থীদের দিনভর বিক্ষোভ ও মানববন্ধন

বিশেষ প্রতিনিধি : গাজীপুরে জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার প্রতিবাদে শুক্রবার (১৬ মে) বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

তারা বিশ্ববিদ্যালয়টি খুলে দেওয়ার পাশাপাশি ৬ দফা দাবিতে এই বিক্ষোভ ও মানববন্ধন আয়োজন করে।

শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকাস্থিত জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শিক্ষার্থীরা কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে স্থায়ী উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ নিয়োগ, স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, পর্যাপ্ত ল্যাবরেটরি সুবিধার ব্যবস্থা এবং অন্যান্য দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছিল। এসব দাবি নিয়ে তারা স্মারকলিপিও প্রদান করেছিলেন।

এছাড়া, ১৬ মে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্তৃক দিনটি নির্ধারণ করা হয়। কিন্তু বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এবং গেটের সামনে নোটিশ টানিয়ে তালা ঝুলিয়ে দেয়। এই সিদ্ধান্তের পর শুক্রবার সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে এসে গেট বন্ধ ও নোটিশ দেখতে পান এবং বিক্ষোভ শুরু করেন। এরপর তারা ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেন। বিকেল পর্যন্ত তারা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। এক পর্যায়ে শিক্ষার্থীরা আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা বলে, শুক্রবারের কর্মসূচি স্থগিত করে ক্যাম্পাস এলাকা ত্যাগ করেন।

বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী মো. ইমরান জানান, ১০ বছরের বেশি সময় ধরে গাজীপুরের তেলিপাড়া এলাকায় অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম চলছে। অথচ এখনও স্থায়ী ক্যাম্পাসের ব্যবস্থা করা হয়নি। গত প্রায় দুই বছর ধরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে স্থায়ীভাবে কাউকে নিয়োগ না দেওয়া এবং ভারপ্রাপ্ত উপাচার্য দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যার কারণে শিক্ষার্থীরা নানা বিড়ম্বনায় পড়ছেন। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে এক হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছে এবং কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে তাদের ভবিষ্যত অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।