ইসরায়েলকে চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

ইসরায়েলকে চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ইরানের নবনিযুক্ত সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি ইসরায়েলকে “চূড়ান্ত ও অনুশোচনামূলক জবাব” দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার আহ্বানে সাড়া দিয়ে তিনি বলেন, ইরানের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং শিশুহত্যাকারী ইসরায়েলি শাসনব্যবস্থার বিরুদ্ধে দৃঢ় ও নির্মম প্রতিশোধ নেওয়া হবে।

নবনিযুক্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেওয়া এক বার্তায় হাতামি বলেন, “ইরানের ভূখণ্ডে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে এবং অপরাধী ইহুদি শাসনব্যবস্থার মেরুদণ্ডে এমন আঘাত হানবে যা তারা অনুশোচনা করবে।”

এর আগে, ১৪ জুন, ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ি মেজর জেনারেল আমির হাতামিকে ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার হিসেবে নিয়োগ দেন। ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ইরানের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিয়োগপত্রে আয়াতুল্লাহ খামেনেয়ি তার “দক্ষতা, অভিজ্ঞতা ও নিষ্ঠা”-র জন্য হাতামিকে এই পদে মনোনীত করেন এবং তার নেতৃত্বে সেনাবাহিনীতে “রূপান্তরমূলক ও বিপ্লবী দৃষ্টিভঙ্গি” চেয়েছেন।

এছাড়াও, পদত্যাগকারী কমান্ডার মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভীর “সততা ও মূল্যবান অবদানের” জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সর্বোচ্চ নেতা।

উল্লেখ্য, জেনারেল মোহাম্মদ হোসেইন বাঘেরি হত্যাকাণ্ডের পর, আয়াতুল্লাহ খামেনেয়ি মেজর জেনারেল মুসাভীকে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ পদে নিয়োগ দেন।