গাজীপুরে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, হাত-পা বাঁধা লাশ উদ্ধার

গাজীপুরে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, হাত-পা বাঁধা লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি : গাজীপুর মহানগরীর চাপুলিয়া এলাকায় চুরির অপবাদে শাহরিয়ার রহমান হ্যাভেন (৩৪) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (১৫ জুন) সকালে রেল লাইনের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত হ্যাভেন মহানগরীর সদর থানার চাপুলিয়া টেকপাড়া এলাকার হুমায়ুন কবিরের ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শনিবার (১৪ জুন) রাতে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে চুরির অভিযোগে মারধর করে। রবিবার ভোরে চাপুলিয়া রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের ভায়রা আবুল কালাম আজাদ ও খালাতো ভাই বিপ্লব সরকার অভিযোগ করেন, হ্যাভেনের পরিবারের সঙ্গে স্থানীয় দুই ব্যক্তির জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার রাতে ওই বিরোধের জের ধরেই প্রতিপক্ষের লোকজন হ্যাভেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং রেল লাইনের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মেহেদী হাসান জানান, “নিহতের দু’হাত পিঠমোড়া করে রেল লাইনের একটি খুঁটির সঙ্গে কোমরে দড়ি দিয়ে বাঁধা ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।”

তিনি আরও বলেন, নিহত হ্যাভেনের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অভিযোগে সদর থানায় পাঁচটি মামলা রয়েছে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।