গাজীপুর কণ্ঠ ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় মা ও দুই শিশুকে গলাকেটে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নজরুল ইসলামকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে স্থানীয় রেলওয়ে পুলিশ।
গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম (৩৫) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা। তিনি নিহত ময়না খাতুনের স্বামীর ছোট ভাই।
জয়দেবপুর রেল জংশন ফাঁড়ির ইনচার্জ এসআই নাদিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের ফুটওভার ব্রিজের নিচ থেকে নজরুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তিনি অন্যত্র পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। পরে তাকে ভালুকা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এর আগেও জয়দেবপুর থানার একটি হত্যা মামলায় নজরুল গ্রেপ্তার হয়েছিলেন। সম্প্রতি তিনি জামিনে মুক্ত হয়ে ভালুকায় বড় ভাইয়ের বাসায় অবস্থান করছিলেন।
উল্লেখ্য, নিহত রফিকুল ইসলামের বাড়ি নেত্রকোনার সেনের বাজার এলাকায়। তিনি স্ত্রী ময়না খাতুন (৩০) ও দুই সন্তান রাইসা আক্তার (৪) এবং মো. নীরব (২) কে নিয়ে ভালুকার একটি ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি স্পিনিং মিলে চাকরি করতেন।
সোমবার সকালে কাজ শেষে বাসায় ফিরে রফিকুল তালাবদ্ধ ঘরে স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই নজরুল ইসলাম পলাতক ছিলেন।