নিজস্ব সংবাদদাতা : গাজীপুরে পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত থেকে বুধবার (১২ নভেম্বর) ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রথম ঘটনাটি ঘটে গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কে। জ্যোতি ফিলিং স্টেশনের সামনে একটি বাস মেরামতের জন্য দাঁড়িয়ে ছিল। ওই সময় এক মিস্ত্রি বাসের নিচে শুয়ে কাজ করছিলেন। রাত প্রায় ১০টার দিকে মোটরসাইকেলযোগে দুই যুবক এসে বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। বাসে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে আসন ও কিছু যন্ত্রাংশ পুড়ে গেছে। খবর পেয়ে কাশিমপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোহাম্মদ মনিরুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন, “মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।”
দ্বিতীয় ঘটনাটি ঘটে বুধবার ভোররাতে গাজীপুর মহানগরের ভোগড়া পেয়ারা বাগান এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে। সেখানে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মামুন সংবাদ মাধ্যমকে বলেন, “ভোররাতে ভোগড়া পেয়ারা বাগান এলাকায় ভিআইপি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে আমাদের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
একই রাতে আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুরের বেড়াইদের চালা এলাকায়। ভোর আনুমানিক পৌনে পাঁচটার দিকে সেখানে দাঁড়িয়ে থাকা প্রভাতী বনশ্রী পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসের ইঞ্জিন ও সিট পুড়ে যায়।
পুলিশ বলছে, ঘটনাগুলোর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে।