শিগগিরই বাজারে আসছে ‘ব্রি অর্গানিক সার’

শিগগিরই বাজারে আসছে ‘ব্রি অর্গানিক সার’

বিশেষ প্রতিনিধি : গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ‘ব্রি অর্গানিক সার’ নামে নতুন একটি জৈব সার উদ্ভাবন করেছে। সারটি বাজারজাত করার লক্ষ্যে ইতোমধ্যে ব্রি ও বেসরকারি প্রতিষ্ঠান এসিআই লিমিটেডের মধ্যে প্রাথমিক চুক্তি স্বাক্ষর হয়েছে। ফলে খুব শিগগিরই এই সার বাজারে আসছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ব্রির সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম বলেন, ব্রি অর্গানিক সার ব্যবহার করলে মাঠে ইউরিয়া সারের ব্যবহার প্রায় ৩০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। এ ছাড়া এ সার ব্যবহার করলে আলাদা করে টিএসপি দেওয়ার তেমন প্রয়োজন হয় না। এটি মাটির কার্বন, জৈব পদার্থ ও উপকারী অণুজীবের সংখ্যা বাড়ায়। ফলে ধানের উৎপাদন ১০–২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

তিনি আরও জানান, রান্নাঘরের পচনযোগ্য বর্জ্য, ফসফেট দ্রবণকারী ব্যাকটেরিয়া, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, ৫ শতাংশ রক ফসফেট এবং ১৫ শতাংশ বায়োচার দিয়ে এ সার প্রস্তুত করা হয়।