গাজীপুর কণ্ঠ ডেস্ক : জয়দেবপুর রেল জংশনে ট্রেনে কাটা পড়ে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) ডান হাত ও ডান পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সোয়া এগারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তা মো. হাবিবুর রহমান (৫৬)। তিনি গাজীপুর জেলা পুলিশ লাইন্সে রিজার্ভ পুলিশ হিসেবে কর্মরত।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে অফিসের কাজে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছিলেন এসআই হাবিবুর রহমান। কাজ শেষে পুলিশ লাইন্সে ফেরার পথে জয়দেবপুর জংশন এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চাঁপাই কমিউটার’ ট্রেনটি চার নম্বর লাইন দিয়ে জংশনে প্রবেশ করছিল। ট্রেনের গতিবিধি বুঝতে না পেরে সেটির নিচে কাটা পড়েন হাবিবুর রহমান। এতে তার ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কাইয়ুম আলী প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, মোবাইল ফোনে কথা বলার কারণেই ট্রেনটি আসার বিষয়টি তিনি বুঝতে পারেননি। ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রেলওয়ে পুলিশের সহায়তায় গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর অবস্থায় তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।