প্রথমবার তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথমবার তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তিনি প্রথমবারের মতো এই কার্যালয়ে আসেন।

প্রধানমন্ত্রী নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের পুরোনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে কাছে ডেকে কথা বলেন। এ সময় সংশ্লিষ্টরা কিছুক্ষণের জন্য ভুলে যান তারা দেশের প্রধানমন্ত্রীকে এত কাছাকাছি পেয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপণ করেন এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এরপর তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ডাকটিকিট উন্মোচন করেন।