নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে মোবাইল কোর্টে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার বাশাইর বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বাশাইর বাজার পরিদর্শনে যান। সেখানে ভোক্তাদের কাছ থেকে অভিযোগ পেয়ে খলাপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে খোরশেদ আলমের (৪৮) দোকানে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, দোকানে পণ্যমূল্যের তালিকা প্রদর্শন করা নেই এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারায় খোরশেদ আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।