বিশেষ প্রতিনিধি
গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় ট্রাকের পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
রবিবার (০৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনেই পুরুষ। তাদের একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মাওলানা আলিম উদ্দিন রুহানি (৪০)। তিনি কোনাবাড়ি কালেরভিটা পূর্বপাড়া জামে মসজিদের পেশ ইমাম ছিলেন। অপরজন অজ্ঞাত (২৫)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাক টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর পৌঁছালে সামনে চলতে থাকা ট্রাকের পেছনে বাসটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
ওসি আরও জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।