ব্রিতে নতুন মহাপরিচালকের যোগদান, দুই পক্ষের উত্তেজনা

ব্রিতে নতুন মহাপরিচালকের যোগদান, দুই পক্ষের উত্তেজনা

বিশেষ প্রতিনিধি

গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে যোগ দিয়েছেন ড. মো. আমিনুল ইসলাম।

তাঁর নিয়োগ ও যোগদানকে কেন্দ্র করে সোমবার (০৪ মে) দিনভর ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের দুটি পক্ষ পরস্পরবিরোধী কর্মসূচি পালন করেছে।

একটি পক্ষ অভিনন্দন জানিয়েছে, অন্যটি বিক্ষোভ করেছে।

মহাপরিচালক পদে ড. আমিনুল ইসলামের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের প্রকাশনা ও জনসংযোগ বিভাগের সম্পাদক ও প্রধান মো. রাশেল রানা। কৃষি মন্ত্রণালয় রবিবার ব্রির জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. মো. আমিনুল ইসলামকে মহাপরিচালক পদে নিয়োগ দেয়।

নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ।

নিয়োগের খবর ছড়িয়ে পড়লে ব্রির সর্বস্তরের জাতীয়তাবাদী বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকবৃন্দের ব্যানারে একটি পক্ষ ড. আমিনুল ইসলামকে ‘আওয়ামী ফ্যাসিবাদের দোসর’ আখ্যায়িত করে তাঁর নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীরা মহাপরিচালকের কার্যালয়সহ বেশ কিছু কক্ষে তালা ঝুলিয়ে দেন এবং কার্যালয়ের বাইরে অবস্থান নেন।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী সমিতির সাধারণ সম্পাদক ড. হাবিবুর রহমান মুকুল সাংবাদিকদের বলেন, ‘নতুন নিয়োগ পাওয়া মহাপরিচালক আওয়ামী লীগ আমলে জ্যেষ্ঠদের ডিঙিয়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে পদ বাগিয়ে নিয়েছিলেন। এই নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’

স্বাগত জানায় অপর পক্ষ।

একই সময়ে অপর একটি পক্ষ ড. আমিনুল ইসলামের নিয়োগকে সঠিক প্রক্রিয়ায় সম্পন্ন বলে উল্লেখ করে মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে স্বাগত জানায় এবং মহাপরিচালকের পক্ষে স্লোগান দিতে থাকে। তাঁরা বলেন, ‘এক মাস ধরে মহাপরিচালক না থাকায় গত মাসের বেতন পাইনি। মন্ত্রণালয় নিয়োগ দেওয়ায় আমরা তাঁকে স্বাগত জানাতে এসেছি।’

বেলা সাড়ে বারোটার দিকে ড. আমিনুল ইসলাম তাঁর কার্যালয়ে প্রবেশ করলে উভয় পক্ষ একযোগে পরস্পরবিরোধী স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।