গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাছে একটি নিরাপত্তা চেকপয়েন্টে গুলি চালিয়েছেন এক সন্দেহভাজন বন্দুকধারী। পরে সিক্রেট সার্ভিস সদস্যদের সঙ্গে গোলাগুলিতে নিহত হন তিনি।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস।
রয়টার্সকে পাঠানো সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তি হোয়াইট হাউসের কাছে ১৭তম স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ের চেকপয়েন্টে এসে ব্যাগ থেকে বন্দুক বের করে কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালান। পরে কর্মকর্তারাও পাল্টা গুলি চালালে ওই ব্যক্তি আহত হন।
বিবৃতিতে আরও বলা হয়, গোলাগুলিতে একজন পথচারীও আহত হয়েছেন। তবে তিনি কতটা গুরুতর আহত হয়েছেন, তা স্পষ্ট করা হয়নি।
বিভিন্ন সংবাদমাধ্যমে উদ্ধৃত সিক্রেট সার্ভিসের আরেকটি বিবৃতিতে বলা হয়েছে, পথচারী ব্যক্তি বন্দুকধারীর গুলিতে নাকি পাল্টাপাল্টি গোলাগুলির সময় আহত হয়েছেন, তা এখনও নিশ্চিত নয়।
আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা রয়টার্সকে জানান, সন্দেহভাজন ব্যক্তি মানসিকভাবে অস্থির ছিলেন। এর আগে তার বিরুদ্ধে “স্টে-অ্যাওয়ে অর্ডার” জারি করা হয়েছিল বলেও জানান তিনি।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য আহত হননি বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই অবস্থান করছিলেন।
এর আগে গত ২৬ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজের আয়োজক হোটেলের ভেতরে গুলি চালিয়েছিলেন আরেক বন্দুকধারী। ওই ঘটনার মাসখানেক না পেরোতেই আবারও একই ধরনের ঘটনা ঘটল। সে সময় ট্রাম্পসহ অন্য কর্মকর্তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল।