গাজীপুর কণ্ঠ ডেস্ক
ঈদযাত্রায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রড রোঝাই ট্রাকে উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত দশজন। নিহত-আহতরা সবাই ট্রাকে করে ঈদযাত্রায় উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল।
সোমবার (২৫ মে) ভোররাত ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ বলছে, উত্তরবঙ্গগামী রডবোঝাই ট্রাকে যাত্রী বহন করা হচ্ছিল। ট্রাকটি ত্রিপল গিয়ে ঢাকা ছিল। ট্রাকটি টাঙ্গাইলের কালিহাতী এলাকায় মহাসড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং সেটি উল্টে যায়।
এ সময় ট্রাকের রড ও চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামছুল আলম সরকার সংবাদ মাধ্যমকে বলেন, বিভিন্ন জায়গা থেকে রড রোঝাই ট্রাকে যাত্রী তোলা হয়েছিল৷ লাশগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গের ইনচার্জ গোপাল সংবাদ মাধ্যমকে বলেন, আমরা দুর্ঘটনায় নিহত ১৫ জনের লাশ পেয়েছি।