নিজস্ব প্রতিবেদক
কালীগঞ্জে যুবদল ও ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দুজন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (২৭ মে) রাতে কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুজন হলেন কালীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেরাজ হাসান রানা (২৬) এবং ছাত্রদলকর্মী সিয়াম (২৫)।
দুজনের পায়ে গুলি লেগেছে বলে চিকিৎসক নিশ্চিত করেছেন। প্রাথমিক চিকিৎসার পর তাদের ঢাকার জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে যুবদল নেতা শরিফুল ইসলাম তুহিন কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় তার কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসেন।
এ খবর পেয়ে পৌর ছাত্রদলের সদস্যসচিব ইমরান হোসেন সৈকতের শ্যালক মেরাজ হাসান রানা তার অনুসারীদের নিয়ে বাসস্ট্যান্ডে আসেন এবং তুহিনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, তুহিন গ্রুপের দিক থেকেই গুলি ছোড়া হয়েছে। তবে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কাউকে চিহ্নিত করেনি।
জানা গেছে, কিছুদিন আগে পৌর ছাত্রদলের সদস্যসচিব ইমরান হোসেন সৈকত জামালপুর এলাকায় গেলে তুহিন গ্রুপের সদস্যরা তাকে লাঞ্ছিত করেন। সেই ঘটনার পর থেকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হুমকি চলছিল।
মঙ্গলবার পর্তুগাল থেকে দেশে ফেরার পরদিনই তুহিন এই ঘটনার সূত্রপাত ঘটান বলে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাবেয়া নার্গিস জাহান বলেন, “পায়ে গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।”
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, “দুজন গুলিবিদ্ধ হয়েছেন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”