জাতীয় পরিবেশ পদক পেলেন মনির হোসেন

বর্তমানে তিনি বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাতীয় পরিবেশ পদক পেলেন মনির হোসেন

গাজীপুর কণ্ঠ ডেস্ক

পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় পরিবেশ পদক-২০২৫’ পেয়েছেন মুহাম্মদ মনির হোসেন।

বৃহস্পতিবার (০৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে এ পদক তুলে দেন।

মুহাম্মদ মনির হোসেন নদীবন্ধু হিসেবে পরিচিত। ১৯৮৩ সালের ৩১ ডিসেম্বর কুমিল্লায় এক সাধারণ পরিবারে জন্ম নেন তিনি। নদীর পরিবেশ, প্রতিবেশ ও রক্ষণাবেক্ষণে নিরলস কাজ করে পরিচিতজনদের কাছ থেকে ‘নদীযোদ্ধা’ খেতাবও পেয়েছেন তিনি।

ব্যক্তিগতভাবে দেশে ও বিদেশে প্রায় আড়াই শতাধিক ছোট-বড় নদী পরিদর্শন ও পর্যবেক্ষণ করেছেন মনির হোসেন। এর মধ্যে প্রায় ৫০টি নদীর নান্দনিকতা ও সংকট নিয়ে বিভিন্ন দৈনিকে আলাদাভাবে ফিচার লিখেছেন তিনি। পাশাপাশি অন্তত আটটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন।

তাঁর নির্মিত ‘শঙ্খ নদ: দ্য আমাজন অব বেঙ্গল’ প্রামাণ্যচিত্রের জন্য ২০১৯ সালে ক্রিয়েটিভ ওয়ার্ক ফর ভিজ্যুয়াল মিডিয়া ক্যাটাগরিতে ইউনিসেফ বাংলাদেশের মিনা মিডিয়া অ্যাওয়ার্ড জেতেন তিনি। এ ছাড়া সাংগঠনিক বিশেষ ভূমিকার জন্য ২০১৬ সালে পেয়েছেন কালের কণ্ঠ-শুভসংঘ শ্রেষ্ঠ সংগঠক সম্মাননা। বর্তমানে তিনি বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও যাঁরা পদক পেলেন

একই দিন পরিবেশ সংরক্ষণ এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আরও দুজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক-২০২৫’ প্রদান করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে এসব পদক তুলে দেন।

ব্যক্তি পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে পদক পেয়েছেন আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী। পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে পদক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম।

প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে পদক পেয়েছে ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড। পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে পদক পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস। এ ছাড়া পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে পদক পেয়েছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট।

বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষরোপণ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, গণমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী ঢাকা বর্তমানে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে, যা মোটেও সুখকর খবর নয়। তিনি বলেন, এ পরিস্থিতির পরিবর্তন জরুরি এবং এ জন্য জনসাধারণকে সচেতন করাই এখন সরকারের বড় দায়িত্ব।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ এবং ভারপ্রাপ্ত সচিব ফাহমিদা খানম প্রমুখ।