গাজীপুর কণ্ঠ ডেস্ক
শ্রীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় রাকিব হাসান (৩৫), তার স্ত্রী বিথী আক্তার (৩০) এবং তাদের ৯ মাস বয়সী ছেলে নূর নিহত হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেড়াইদেরচালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব হাসান পিরোজপুর সদর থানার উত্তর রাণীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার ডেনিম্যাক গার্মেন্টসের মানবসম্পদ বিভাগে কর্মরত ছিলেন। তার স্ত্রী বিথী আক্তার গৃহিণী ছিলেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা যায়, দুপুরে ৯ মাসের ছেলেকে কোলে নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন বিথী ও রাকিব। এসময় ময়মনসিংহগামী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান বিথী আক্তার। গুরুতর আহত রাকিবকে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনিও মারা যান। আহত শিশু নূরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পথে তার মৃত্যু হয়।
রাকিবের সহকর্মীদের বরাত দিয়ে জানা গেছে, কিছুদিন আগে তার এক সহকর্মীর মা মারা যান। ওই পরিবারের জন্য দুপুরের খাবার রান্না করেছিলেন বিথী। অফিস শেষে বাসায় ফিরে স্ত্রী-সন্তানকে নিয়ে সেই খাবার পৌঁছে দিতে যাওয়ার পথেই দুর্ঘটনার শিকার হন তারা।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানিয়েছেন, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান ও এর চালককে আটক করা যায়নি। নিহতদের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।