গাজীপুর কন্ঠ ডেস্ক
কালীগঞ্জে অনুমোদন ছাড়া কৃষি জমিতে বালু ভরাটের দায়ে একজনকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৫ জুলাই) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
অভিযুক্ত ব্যক্তি পানজোড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে রিয়াজুল ইসলাম মোকলেছ (৩৮)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোম বাজার এলাকায় শীতলক্ষ্যা নদীর জমি দখল করে অবৈধভাবে গড়ে তোলা একটি বালুর গদি থেকে ড্রাম ট্রাকে করে বালু নিয়ে গভীর রাতে নাগরী ইউনিয়নের তিরিয়া এলাকার কৃষি জমিতে ফেলে জমির শ্রেণি পরিবর্তনের চেষ্টা করছিল একটি চক্র। খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। অভিযোগের সত্যতা পেয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় জড়িত রিয়াজুল ইসলাম মোকলেছকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।