বারিধারায় বাসভবনে অগ্নিকাণ্ড, সস্ত্রীক হাসপাতালে ভর্তি পাকিস্তান হাইকমিশনার

বারিধারায় বাসভবনে অগ্নিকাণ্ড, সস্ত্রীক হাসপাতালে ভর্তি পাকিস্তান হাইকমিশনার

গাজীপুর কণ্ঠ ডেস্ক

রাজধানীর কূটনৈতিক এলাকা বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ধোঁয়ায় অসুস্থ হয়ে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে এই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

তথ্য বলছে, ভোর ৪টা ৫৫ মিনিটে বাসভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে সকাল ৯টার দিকে দুজনকে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) নেওয়া হয়। পরে তাদের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। হাসপাতালের নিয়ন্ত্রণ কক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনের কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।