বিশেষ প্রতিনিধি
গাজীপুর মহানগরের ভারারুল গ্রামে সরকারি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকার ভাগ দাবি করে হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ কারণে ভুক্তভোগী হিন্দু পরিবার নিজেদের বসতভিটায় ফিরতে পারছে না।
এর প্রতিবাদে ও প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে রবিবার (১১ অক্টোবর) দুপুরে গাজীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা ও তাঁদের স্বজনেরা।
মানববন্ধনে বক্তব্য দেন গোপাল চন্দ্র রায়। তিনি জানান, ভারারুল মৌজায় পৈতৃকসূত্রে পাওয়া ৫২ শতাংশ জমিতে তিনি এবং তার ভাতিজা নকুল চন্দ্র রায় ও দীপক চন্দ্র রায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন। তার অভিযোগ, স্থানীয় আসকর আলী, মনির হোসেন ও রেদোয়ান আহমেদ রিজন জমিটি দখলের উদ্দেশ্যে অনেক দিন ধরে এলাকায় প্রচার করছিলেন যে জমিটি তাদের।
গোপাল চন্দ্র রায় বলেন, সম্প্রতি রাস্তা নির্মাণের জন্য সরকার ওই জমি থেকে ৬ দশমিক ৮০ শতাংশ অধিগ্রহণ করে। ক্ষতিপূরণ হিসেবে তারা ৪৮ লাখ টাকার বেশি পান। এর পর থেকে ওই টাকার মধ্য থেকে ২৫ লাখ টাকা দিতে তাদের চাপ দিতে থাকেন আসকর আলী ও তার সহযোগীরা, দেখান ভয়ভীতিও।
তিনি অভিযোগ করেন, গত ১৩ জুলাই অভিযুক্ত ব্যক্তিরা আরও কয়েকজনকে নিয়ে অস্ত্রসহ তাদের বাড়িতে ঢুকে আবার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে ও প্রতিবাদ জানালে তাদের মারধর করা হয়, হত্যার হুমকি দেওয়া হয় এবং বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়।
এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ ৩০ জুলাই মনির হোসেন ও আসকর আলীকে গ্রেপ্তার করে। গোপাল চন্দ্র রায়ের অভিযোগ, সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে তারা প্রকাশ্যে আবার প্রাণনাশের হুমকি দিচ্ছেন। ভয়ে ভুক্তভোগী পরিবারগুলো বসতবাড়িতে ফিরতে পারছে না।
মানববন্ধন থেকে ভুক্তভোগী পরিবারগুলো তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।