গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ পুলিশ

একদল সশস্ত্র নারী-পুরুষ ফাঁড়ি ঘেরাও করে। তাদের হাতে রামদা, চাইনিজ কুড়াল, হাসুয়া ও রড ছিল। হামলাকারীরা ফাঁড়ির দিকে ইটপাটকেল ছোড়ে এবং দা দিয়ে দরজায় কোপ দেয়।

গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ পুলিশ

গাজীপুর কণ্ঠ ডেস্ক

গাজীপুরের জয়দেবপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলায় দুজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। মাদকসহ আটক দুই তরুণকে ছাড়িয়ে নিতেই এ হামলা চালানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পুলিশ বলছে, আটক দুজনের স্বজনেরাই হামলাকারীদের মধ্যে ছিলেন।

আহত ব্যক্তিরা হলেন সহকারী ট্রাফিক সার্জেন্ট নুরুল হক এবং কনস্টেবল আশিকুর রহমান। তাদের শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বিকেলে জয়দেবপুর জংশন স্টেশন এলাকায় মাদক বিক্রির সময় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মাইছজাদি গ্রামের হারেছ মিয়ার ছেলে মো. আনিছ (১৮) এবং গাজীপুর সদর থানার চা বাগান বাশতলা এলাকার মো. সেলিম মিয়া মেয়ে শিমলাকে (২২) হাতেনাতে ধরেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। তাদের কাছ থেকে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১ হাজার টাকা জব্দ করা হয়। এরপর তাদের রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন সংবাদ মাধ্যমকে জানান, এর কিছুক্ষণের মধ্যেই একদল সশস্ত্র নারী-পুরুষ ফাঁড়ি ঘেরাও করে। পুলিশের হিসাবে তাদের সংখ্যা ১০ থেকে ১২ জন। তাদের হাতে রামদা, চাইনিজ কুড়াল, হাসুয়া ও রড ছিল। হামলাকারীরা ফাঁড়ির দিকে ইটপাটকেল ছোড়ে এবং দা দিয়ে দরজায় কোপ দেয়।

ফাঁড়ির ইনচার্জের ভাষ্য, হামলা ঠেকাতে গিয়ে রামদার আঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন জড়ো হতে শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায়।

ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেগুলোতে দেখা যায়, রামদা, চাপাতি ও ছুরিসহ দেশীয় অস্ত্র হাতে একদল যুবক ফাঁড়ি ঘিরে হামলা চালাচ্ছে এবং ভাঙচুর করছে। আশপাশের কিছু স্থাপনাতেও হামলার দৃশ্য ওইসব ভিডিওতে রয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।