নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা

দুই যুবক আগে থেকেই সেখানে অবস্থান করছিল এবং তারা তার ওপর একাধিক গুলি ছোড়ে।

নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা

গাজীপুর কণ্ঠ ডেস্ক

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় গুলিতে লুৎফুজ্জামান আলিফ ফকির নামে একজন স্থানীয় সাংবাদিক নিহত হয়েছেন। 

পুলিশ বলছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে দুই অজ্ঞাতপরিচয় যুবক তাকে লক্ষ্য করে গুলি চালায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে রাত সাড়ে সাতটার দিকে।

নিহত লুৎফুজ্জামান কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি আইপি টিভি রূপসী বাংলার নেত্রকোণা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজও পরিচালনা করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, তেলুঞ্জিয়া গ্রামে লুৎফুজ্জামানের শ্বশুরবাড়ি। রাতে তিনি বাড়ির সামনের একটি দোকানে গিয়েছিলেন। পুলিশের ভাষ্য, দুই যুবক আগে থেকেই সেখানে অবস্থান করছিল এবং তারা তার ওপর একাধিক গুলি ছোড়ে।

গুরুতর আহত অবস্থায় তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রবীন রাংসা নামে একজন প্রত্যক্ষদর্শী সংবাদ মাধ্যমকে জানান, লুৎফুজ্জামান তার দোকানে সিগারেট কিনতে এসেছিলেন এবং যাওয়ার সময় মোবাইল ফোন ফেলে যান। ফোন নিতে ফিরে আসেন কিছুক্ষণ পর।

“ফেরার সময় দুজন লোক তার পিছু নেয়। একটু পরেই গুলির শব্দ শুনি। তখন ভয়ে আমি দোকানের ভেতরে ঢুকে যাই,” বলেন তিনি।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ সংবাদ মাধ্যমকে জানান, নিহতের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে এবং ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হবে বলে তিনি জানান।