গাজীপুর কণ্ঠ ডেস্ক
কালীগঞ্জে একটি ইলেকট্রিক্যাল সামগ্রীর দোকানে ট্রাক নিয়ে ডাকাতির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বাসা ও ভাড়া করা দোকানে অভিযান চালিয়ে লুট হওয়া মালামাল এবং ঘটনায় ব্যবহৃত ট্রাক ও পিকআপ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) কালীগঞ্জ থানা-পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
গ্রেপ্তার দুজন হলেন মো. মিলন মিয়া (৪৫) ও রমজান (৪০)। মিলনের বাড়ি ঝালকাঠির রামচন্দ্রপুরে, বাবা প্রয়াত মুনসুর আলী। তিনি ঢাকার সবুজবাগের মাদারটেক উত্তরপাড়ায় থাকেন। রমজানের বাড়ি ঢাকার বাড্ডার বড় বেড়াইদ হাড়াইলদিয়া এলাকায়, বাবা প্রয়াত আলতাব হোসেন।
পুলিশ জানায়, গত ১৪ অক্টোবর রাত তিনটা থেকে পাঁচটার মধ্যে কালীগঞ্জের তুমুলিয়ার বোয়ালী মোড়ে সড়কের পাশের ‘সুবাহান এন্টারপ্রাইজ’ নামের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। শাটারের তালা কেটে দোকানে ঢুকে একদল লোক বৈদ্যুতিক তার, ক্যাবলসহ বিভিন্ন সরঞ্জাম ট্রাকে তুলে নিয়ে যায়। দোকানে থাকা নগদ টাকাও তারা লুট করে।
ঘটনার দিনই দোকানমালিক সালাউদ্দিন আকন্দ (৩৬) বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কালীগঞ্জ থানায় চুরির অভিযোগে মামলা করেন।
পুলিশ বলছে, তদন্তে বেরিয়ে আসে, এটি চুরি নয়, ট্রাকে করে আসা দলের ডাকাতি। এরপর প্রযুক্তির সহায়তায় বেড়াইদ এলাকা থেকে মিলন ও রমজানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বাসা ও ভাড়া করা দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক তার, ক্যাবল ও সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া ডাকাতিতে ব্যবহৃত একটি ট্রাক (জ্যাক পিকআপ) এবং লুটের মাল বিক্রি ও পরিবহনে ব্যবহৃত আরেকটি পিকআপ জব্দ করা হয়েছে।