ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে একযোগে ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার

অনিয়ম ও অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে একযোগে ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার

গাজীপুর কণ্ঠ ডেস্ক

পুলিশ বাহিনীতে বেতন-ভাতার বাইরে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত ২৮ পুলিশ সদস্যকে একযোগে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। প্রত্যাহার হওয়া সদস্যদের মধ্যে বাবুর্চি থেকে শুরু করে উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার পুলিশ সদস্য রয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রত্যাহার হওয়া ২৮ সদস্যের মধ্যে খুলনা জেলার ৯ জন, বাগেরহাটের ৯ জন, যশোরের ২ জন, ঝিনাইদহের ৩ জন, কুষ্টিয়ার ৪ জন এবং চুয়াডাঙ্গার ১ জন রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, খুলনা রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনিয়ম ও অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তালিকায় বিভিন্ন থানার পাশাপাশি ট্রাফিক ও গোয়েন্দা শাখায় কর্মরত সদস্যদের নাম রয়েছে।

এ বিষয়ে খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম বলেন, ‘দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ কারণে প্রথমে পুলিশ বাহিনীর ভেতরে শুদ্ধি অভিযান পরিচালনা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘পুলিশের কিছু সদস্যের অনৈতিক সুবিধা গ্রহণের কারণে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বাহিনীর প্রতি জনআস্থা তৈরির ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়।’

ডিআইজি আরও বলেন, ‘এ ধরনের অনৈতিক সুবিধা গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে আইজিপিরও নির্দেশনা রয়েছে। এরই ধারাবাহিকতায় খুলনা বিভাগে এ শুদ্ধি অভিযান পরিচালনা করা হচ্ছে।’