বিশেষ প্রতিনিধি
গাজীপুর মহানগরে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে সাকিব (২১) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাতটার দিকে নগরের নাওজোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, নাওজোড়ে মো. রিয়াজের দোতলা ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর দুটি কক্ষ রয়েছে। কক্ষ দুটি পোশাক কারখানার শ্রমিকদের ভাড়া দেওয়া হয়েছিল। সকালে হঠাৎ বিকট শব্দে ট্যাংকটি বিস্ফোরিত হলে একটি কক্ষের দেয়াল, দরজা ও জানালা ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মারা যান সাকিব।

নিহত সাকিবের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দুকুল গ্রামে। তিনি কয়েকজন শ্রমিকের সঙ্গে ওই কক্ষে ভাড়া থাকতেন।
গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর রাজীব হোসেন বলেন, ভবনটির নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। বিস্ফোরণের পর স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। সাকিবের লাশ বাসন থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাসন থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুজ্জামান বলেন, আহত দুজনের পরিচয় ও আঘাতের ধরন সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে।