বিশেষ প্রতিনিধি
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং: এশিয়া ২০২৭-এ দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৯৮তম হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, একই র্যাংকিংয়ে ‘সাইটেশনস পার পেপার’ সূচকে এশিয়া জুড়ে তাদের অবস্থান ৮৬তম।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সেকশন অফিসার রনি ইসলাম বুধবার (০৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন।
রনি ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক র্যাংকিং প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) মঙ্গলবার (৩ নভেম্বর) এ তালিকা প্রকাশ করেছে।
এতে এশিয়ার ২৬টি দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার মোট ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় রয়েছে। তালিকার শীর্ষে আছে হংকং বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় স্থানে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, প্রতিযোগিতামূলক এই তালিকায় গাকৃবির অবস্থান বাংলাদেশের কৃষি ও উচ্চশিক্ষা খাতের জন্যও উল্লেখযোগ্য অর্জন।
গাকৃবির উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এই অবস্থানকে বিশ্ববিদ্যালয়ের সবার সম্মিলিত প্রচেষ্টার ফল বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, ‘এ অর্জন আমাদের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা এবং গবেষণার প্রতি দায়বদ্ধতার প্রতিফলন।’
সাইটেশনস পার পেপার সূচকে ৮৬তম অবস্থানকে তিনি গবেষণার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও প্রভাবের ‘গুরুত্বপূর্ণ স্বীকৃতি’ হিসেবে দেখছেন।
উপাচার্যের ভাষ্য, কেবল র্যাংকিংয়ের অবস্থানে সীমাবদ্ধ না থেকে বিশ্ববিদ্যালয়টি তিনটি লক্ষ্য সামনে রেখে এগোচ্ছে। সেগুলো হলো গবেষণার সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়া, নতুন প্রজন্মকে দক্ষ ও মানবিক করে গড়ে তোলা এবং দেশের টেকসই উন্নয়নে অবদান রাখা।
জনসংযোগ বিভাগ জানিয়েছে, কিউএসের এই র্যাংকিংয়ের আগে গাকৃবি আরও কয়েকটি স্বীকৃতি পেয়েছে।
দেশীয় পর্যায়ে: প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হয়েছে গাকৃবি।
টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র্যাংকিংয়ে:
- ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৭-এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয়।
- ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৫ ও ২০২৬-এর বিভিন্ন সূচকে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম।
- সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬-এ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম। একই র্যাংকিংয়ে এসডিজি-১ (দারিদ্র্যমুক্তি) সূচকে বিশ্বে ৮২তম, এসডিজি-২ (ক্ষুধামুক্তি) সূচকে ৬৬তম এবং এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) সূচকে ১০১-২০০-এর মধ্যে।
অন্যান্য আন্তর্জাতিক র্যাংকিংয়ে:
- ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংস ফর ইনোভেশন (উরি) ২০২৬-এ বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ‘ফিন্যান্সিয়াল ইমপ্যাক্ট ড্রাইভেন টেকনোলজি ট্রান্সফার’ ক্যাটাগরিতে বিশ্বে ২৩তম।
- কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র্যাংকিংস ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম।