ইরান যুদ্ধের কারণেই নির্বাচনে হার, স্বীকার করলেন ভ্যান্স

ভোটারদের এই সিদ্ধান্তের পেছনে তিনি ইরান যুদ্ধ, জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি, আমেরিকা ফার্স্ট এজেন্ডা এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে প্রধান অনুঘটক হিসেবে চিহ্নিত করেন ভ্যান্স।

ইরান যুদ্ধের কারণেই নির্বাচনে হার, স্বীকার করলেন ভ্যান্স

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয় এবং কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর মতে, নির্বাচনে দলের বিপর্যয়ের পেছনে এই যুদ্ধই প্রধান কারণ।

বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে ভ্যান্স বলেন, ‘আমাদের হেরে যাওয়ার মূল কারণ হলো যুদ্ধ।’ দলের ভবিষ্যৎ নিয়ে যেকোনো সৎ আলোচনা ইরান সংঘাতকে কেন্দ্র করেই শুরু হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। এ সময় নির্বাচনে পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্যের প্রতিও ইঙ্গিত করেন ভ্যান্স।

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়ে ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টিকে বড় ধাক্কা দিয়েছে। ফলে ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছর ওয়াশিংটনে এক বিভক্ত সরকার ব্যবস্থার মুখোমুখি হতে হচ্ছে, যেখানে ডেমোক্র্যাটরা প্রশাসনের নীতি ও আইনি এজেন্ডাগুলো কড়া নজরদারিতে রাখতে পারবে।

নিজের পোস্টে ভ্যান্স যুক্তি দেখান যে, রিপাবলিকান সমর্থকরা ভোট দিতে এলেও ২০২৪ সালে যারা ট্রাম্প-ভ্যান্স জুটিকে ভোট দিয়েছিলেন, তাদের অনেকেই মঙ্গলবার ডেমোক্র্যাটদের পক্ষে রায় দিয়েছেন। ভোটারদের এই সিদ্ধান্তের পেছনে তিনি ইরান যুদ্ধ, জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি, আমেরিকা ফার্স্ট এজেন্ডা এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে প্রধান অনুঘটক হিসেবে চিহ্নিত করেন।

নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর প্রতিনিধি পরিষদে দলটির নেতা হাকিম জেফ্রিস বলেন, ‘আমরা আপনাদের কথা শুনেছি। আপনারা যে বড় পরিবর্তনের যোগ্য, তা নিশ্চিত করতে আমরা কঠোর পরিশ্রম করব।’ আগামী ৩ জানুয়ারি ২০২৭ সালে নতুন কংগ্রেসের কার্যক্রম শুরু হলে জেফ্রিস যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার সুযোগ পাবেন।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, জীবনযাত্রার উচ্চ ব্যয়, ইরান যুদ্ধ এবং সরকারি দুর্নীতি নিয়ে ভোটারদের অসন্তোষ নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসব ইস্যুতে ভোটারদের ক্ষোভ ডেমোক্র্যাটদের সাফল্যের পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে।