বিশেষ প্রতিনিধি
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৫টি গবেষণা প্রকল্পে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
রবিবার (০৮ নভেম্বর) এক অনুষ্ঠানে এ বরাদ্দের ঘোষণা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে ‘রিসার্চ প্রজেক্ট অ্যাওয়ার্ডিং প্রোগ্রাম’ নামের এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন। ওই বিভাগের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহজালাল খন্দকারও বক্তব্য দেন।
অনুষ্ঠানে ‘অ্যানুয়াল রিসার্চ হাইলাইটস’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এতে ২০২৫-২৬ অর্থবছরে শেষ হওয়া গবেষণা প্রকল্পগুলোর সারসংক্ষেপ রয়েছে। সেই সঙ্গে ডুয়েটের শিক্ষকদের প্রকাশিত গবেষণা প্রবন্ধের তালিকাও এতে যুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানের শেষ দিকে অধ্যাপক আনওয়ারুল আবেদীন প্রকল্প পরিচালকদের সামনে গবেষণা প্রকল্প পরিচালনার নির্দেশিকা তুলে ধরেন। এ নিয়ে তিনি একটি উপস্থাপনাও দেন।